Seva Setu Camp Full Update: অন্নপূর্ণা নাকি যুবশক্তি? বাস্তবে কোন কোন প্রকল্পের কাজ চলছে?

সেবা সেতু ক্যাম্প শুরু হতেই রাজ্যজুড়ে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। পঞ্চায়েত থেকে ব্লক স্তর—সব জায়গাতেই সকাল থেকে লম্বা লাইন। বিশেষ করে বহুচর্চিত অন্নপূর্ণা যোজনা এবং যুবশক্তি প্রকল্প নিয়ে মানুষের মধ্যে প্রবল কৌতূহল ও নানা ধরনের জল্পনা তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন ক্যাম্পে গেলেই হয়তো এই প্রকল্পগুলোর নতুন ফর্ম মিলবে। তবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার আগে জেনে রাখা অত্যন্ত জরুরি যে, সরকারিভাবে এই ক্যাম্পগুলোতে ঠিক কোন কোন কাজ হচ্ছে আর কোনগুলোর জন্য এখনও অপেক্ষা করতে হবে। আপনার যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে এই ক্যাম্পে যাওয়ার আগে অবশ্যই বিস্তারিতভাবে জেনে নিন সেখানে কি কি কাজ হচ্ছে এবং কোন কোন সমস্যা থাকলে আপনি সমাধান করতে পারবেন।

অন্নপূর্ণা ও যুবশক্তি প্রকল্প নিয়ে আসল সত্যিটা কী?

সাধারণ মানুষের মধ্যে যে দুটি নাম নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে, তা হলো যুবশক্তি এবং অন্নপূর্ণা। মাঠপর্যায়ের বাস্তব চিত্র থেকে দেখা যাচ্ছে, যুবশক্তি প্রকল্প নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট বিজ্ঞপ্তি বা নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তাই যুবশক্তি প্রকল্পের আবেদন আপনারা এখানে করতে পারবেন না। সরকারের নির্দেশিকা না আসা পর্যন্ত যুবশক্তি প্রকল্পের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে না। এছাড়াও এই প্রকল্পে আবেদন গ্রহণ শুরু হলে অনলাইনের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন।

অন্যদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়েও ক্যাম্প চত্বরে প্রচুর মানুষ খোঁজখবর করছেন। সবথেকে বহুল চর্চিত অন্নপূর্ণা যোজনায় যাদের সমস্যা রয়েছে, অনেকে ভাবছেন যে এই সেবা সেতু ক্যাম্পে গেলে তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এই মুহূর্তে সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনার নতুন কোনো আবেদনপত্র বিলি করা হচ্ছে না কিংবা জমাও নেওয়া হচ্ছে না। আপনি যদি এই স্কিম সম্পর্কে কোনো তথ্য জানতে চান, তবে ক্যাম্পের হেল্পডেস্কে গিয়ে সাধারণ অনুসন্ধান করতে পারেন। কিন্তু নতুন আবেদন করার উদ্দেশ্যে গেলে আপাতত খালি হাতেই ফিরতে হতে পারে।

ছাত্রছাত্রীদের পড়াশোনা ও স্কলারশিপের সুবিধা

পড়ুয়া ও যুবসমাজের জন্য সেবা সেতু ক্যাম্পগুলোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। বিশেষ করে বিভিন্ন সরকারি স্কলারশিপের জন্য আবেদন করার ভালো বন্দোবস্ত করা হয়েছে।

এখানে সংখ্যালঘু ও অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের জন্য প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের কাজ চলছে। পাশাপাশি শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের জন্য প্রয়োজনীয় আবেদন ও সহায়তা দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষার খরচ সামলাতে যারা সরকারি সাহায্য চান, তাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রাথমিক প্রসেসিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া তপশিলি পড়ুয়াদের বিশেষ বৃত্তি এবং কারিগরি বা কর্মসংস্থানমূলক উদ্যোগ হিসেবে উৎকর্ষ বাংলা ও পিএম ইন্টার্নশিপ সংক্রান্ত দরকারি সুবিধাও ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে।

কৃষক ও চাষি ভাইদের জন্য বিশেষ বন্দোবস্ত

কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই ক্যাম্পগুলো বেশ ফলপ্রসূ হতে পারে। কেন্দ্রের ও রাজ্যের একাধিক কৃষক কল্যাণমূলক প্রকল্পের সমাধান এক ছাদের তলায় মিলছে।

আপনি যদি এখনও পিএম-কিষান (PM-KISAN) সম্মান নিধির সুবিধার আওতায় না এসে থাকেন, তবে এখানে নথিভুক্ত করার সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননীতি যোজনা আবেদন গ্রহণ এখানে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের অত্যন্ত জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্পের আবেদন ও স্ট্যাটাস যাচাইয়ের কাজ হচ্ছে। সহজ শর্তে চাষের ঋণ পাওয়ার জন্য কিষান ক্রেডিট কার্ডের (KCC) নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে। এছাড়া জমির উর্বরতা বাড়াতে সয়েল হেলথ কার্ড এবং কৃষিকাজে প্রয়োজনীয় আধুনিক পরিকাঠামো ঋণের ব্যবস্থাও করা হচ্ছে।

আর্থিক সুরক্ষা, সরকারি ভাতা ও বিমা যোজনা

সাধারণ নাগরিক ও শ্রমজীবী মানুষের আর্থিক নিরাপত্তার কথা ভেবে একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পের কাউন্টার চালু রয়েছে। ব্যাংকিং ও সঞ্চয় সংক্রান্ত বেশ কিছু কাজ এখান থেকে সহজে মিটিয়ে ফেলা সম্ভব।

যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্ট নেই, তারা নতুন জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্ট খুলতে পারছেন। বয়স্ক, একা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার নাম নথিভুক্ত করার কাজ চলছে। ভবিষ্যৎ সুরক্ষার জন্য অটল পেনশন যোজনা এবং ক্ষুদ্র ব্যবসার পুঁজির জন্য মুদ্রা ঋণের সুবিধাও দেওয়া হচ্ছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা, সুরক্ষা বিমা, শ্রমিকদের জন্য ই-শ্রম কার্ড এবং পরিযায়ী শ্রমিকদের বিশেষ সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্তিকরণও ক্যাম্পে করা হচ্ছে।

স্বাস্থ্য কার্ড, পরিচয়পত্র ও জমির রেকর্ড সংশোধন

দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সরকারি নথি ও স্বাস্থ্য পরিষেবার কাজগুলোও সেবা সেতু ক্যাম্পে অগ্রাধিকার পাচ্ছে।

এখানে বিনামূল্যে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত হেলথ কার্ড তৈরি এবং রিনিউ করার কাজ চলছে। কন্যাসন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কন্যাশ্রী এবং ডাকঘরের সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদন করা যাচ্ছে। এছাড়া সাধারণ মানুষের সবচেয়ে বড় চাহিদা—আধার কার্ডে নাম তোলা বা মোবাইল নম্বর লিঙ্ক (আধার সিডিং)-এর কাজও সুচারুভাবে হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে জমির মিউটেশন বা রেকর্ডের ভুলভ্রান্তি সংশোধনের চেষ্টা করছেন, তাদের জন্যও প্রাথমিক আবেদন ও শুনানির ব্যবস্থা রাখা হয়েছে।

ক্যাম্পে যাওয়ার আগে শুধু একটি বিষয় খেয়াল রাখবেন—প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির কাগজের আসল ও একাধিক জেরক্স কপি সঙ্গে রাখুন, যাতে কোনো কারণে অতিরিক্ত সময় অপচয় না হয়।