PM Ujjwala Yojana: ফ্রিতে মিলবে রান্নার গ্যাসের কানেকশন! সঙ্গে ৩০০ টাকা ভর্তুকি, আবেদনের নিয়ম জেনে নিন

আবারো রাজ্যে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ফ্রী গ্যাস কানেকশন। বর্তমান বাজারে নতুন একটি রান্নার গ্যাসের সংযোগ নিতে গেলে সিকিউরিটি ডিপোজিট ও সিলিন্ডারের দাম মিলিয়ে এককালীন বেশ মোটা অঙ্কের টাকা খরচ হয়ে যায়। এই খরচের ভয়ে অনেক আর্থিকভাবে পিছিয়ে পড়া বহু পরিবারের ইচ্ছা থাকা সত্ত্বেও নতুন গ্যাস নেওয়া সম্ভব হয় না। এবার এই সমস্ত পরিবারের মহিলাদের ধোঁয়ামুক্ত রান্নাঘরের সুবিধা করে দিতে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’ এক বিরাট ভরসা হতে চলেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে নতুন এলপিজি গ্যাস সংযোগ পেয়ে থাকেন। এর সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার। এছাড়াও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধা আয়তভুক্ত হলে আপনি প্রতি মাসে ৩০০ টাকা পাবেন ভর্তুকি হিসেবে।

কী কী সুবিধা পাওয়া যায় এই প্রকল্পে?

উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা শুধুমাত্র বিনামূল্যে প্রথম সংযোগই পান না, নিয়মিত রান্নার খরচেও বড়সড় সাশ্রয় মেলে:

  • বিনামূল্যে কানেকশন: উপভোক্তাদের কোনো ডিপোজিট ছাড়াই প্রথম রান্নার গ্যাসের সিলিন্ডার, রেগুলেটর এবং সুরক্ষা পাইপ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। তবে এক্ষেত্রে পরিবারের মহিলার নামে আবেদন জানাতে হয়।
  • সিলিন্ডার পিছু ৩০০ টাকা ভর্তুকি: ১৪.২ কেজির রান্নার গ্যাস রিফিল করার সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। এর ফলে রান্নার গ্যাসের দাম অনেকটা কমেই পেয়ে যান উপভোক্তারা। এজন্য অবশ্যই যার নামে কানেকশন নেবেন তার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

আবেদন করার যোগ্যতা কী কী?

প্রকল্পের সুবিধা যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়, তার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হয়:

  • আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় মহিলা হতে হবে।
  • প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর বা তার বেশি হওয়া বাধ্যতামূলক।
  • আবেদনকারী মহিলার নিজের বা পরিবারের অন্য কারও নামে আগে থেকে কোনো রান্নার গ্যাসের সংযোগ থাকলে চলবে না।
  • অন্ত্যোদয় অন্ন যোজনার(AAY) উপভোক্তা, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) এবং আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মহিলারা এই প্রকল্পে অগ্রাধিকার পান।

আবেদনের জন্য কোন কোন নথি প্রয়োজন?

ফর্ম পূরণ করার সময় নিচের প্রয়োজনীয় কাগজপত্রের জেরক্স কপি জমা দিতে হবে:

  • আবেদনকারীর আধার কার্ড জেরক্স।
  • পরিবারের সদস্যদের ডিজিটাল রেশন কার্ড জেরক্স।
  • তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST) হলে এর জেরক্স
  • সরাসরি ভর্তুকির টাকা পাওয়ার জন্য আধার লিঙ্কযুক্ত সচল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই জেরক্স।
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

কীভাবে করবেন আবেদন?

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন জমা দেওয়া যায়:

  • অফলাইন পদ্ধতি: আপনার বাড়ির কাছে থাকা ইন্ডেন, ভারত গ্যাস বা এইচপি গ্যাসের ডিস্ট্রিবিউটর অফিসে সরাসরি গিয়ে উজ্জ্বলা যোজনার ফর্ম সংগ্রহ করুন। এরপর ফর্মটা নির্ভুলভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলো জেরক্স করে জমা দিতে হবে।
  • অনলাইন পদ্ধতি: পিএম উজ্জ্বলা যোজনার অফিশিয়াল পোর্টালে (pmuy.gov.in) গিয়ে পছন্দের গ্যাস কোম্পানি নির্বাচন করে অনলাইনে আবেদনপত্র জমা করতে পারেন। এক্ষেত্রে আপনি প্রথমেই আপনার এলাকায় যে কানেকশন ডিস্ট্রিবিউটর রয়েছে সেটি খোঁজখবর নিয়ে সেই হিসেবে অনলাইনে আবেদন করবেন তাহলে আপনার সুবিধা হবে।

আবেদন জমা পড়ার পর ডিস্ট্রিবিউটর ও গ্যাস কোম্পানির তরফ থেকে সমস্ত নথি যাচাই করা হয়। তাই আবেদন করার আগে অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নির্দিষ্ট উপভোক্তার নামে বিনামূল্যে নতুন গ্যাস সংযোগ বরাদ্দ করে দেওয়া হয়।